চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে চসিক অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। নাগরিকদের চলাচলের দুর্ভোগ কমিয়ে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই সিটি কর্পোরেশনের লক্ষ্য।
বৃহস্পতিবার (২৫জুন) নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে শহীদ এন.এম.এম.জে ডিগ্রি কলেজ সড়ক এবং রাজাখালী সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

৫ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডস্থ রাজাখালী সড়ক, মুড়ি ফ্যাক্টরি রোড, মকবুল সওদাগর রোড, সোবহান সওদাগর রোড, নতুন চাকতাই, মধ্যম চাক্তাই, ফাইভ স্টার গলি, শেখ মোশারফ হোসেন, চাঁন্দমিয়া মুন্সী রোড এর উন্নয়ন এবং ওসমানিয়া রোড সংলগ্ন কালভার্ট নির্মাণ প্রকল্পটির মাধ্যমে ৭৮০০ ফুট রাস্তার কাজ বাস্তবায়ন এবং ২০ ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণ করা হবে।
অপর প্রকল্পটির আওতায় ২ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয়ে ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডস্থ শহীদ এন.এম.এম.জে ডিগ্রি কলেজ রোড, ফুটপাতসহ মেরিনার্স রোড এবং সৎসঙ্গ সরণী সড়কের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৬১০০ ফুট রাস্তার কাজ বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে মেয়র বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের অভাবে এসব এলাকার মানুষকে নানাবিধ ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ জনগণের চলাচল ছিল কষ্টসাধ্য। জনগণের সেই দুর্ভোগ লাঘব এবং এলাকার সামগ্রিক উন্নয়নের কথা বিবেচনা করেই এসব সড়কের উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, একটি উন্নত নগরীর পূর্বশর্ত হলো কার্যকর যোগাযোগ ব্যবস্থা। সড়ক উন্নয়নের মাধ্যমে শুধু যাতায়াত সহজ হয় না, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রসার ঘটে। তাই নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও গুরুত্ব দেয়া হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পনার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

