চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে নিখোঁজ স্কুলছাত্র মো. রিফাতের (১৮) লাশ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
মো. রিফাত সিরাজগঞ্জ জেলার রাজবাড়ি এলাকার মো. নুর উল্লাহ’র ছেলে এবং স্থানীয় গৌরীপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রবিবার (২৪ মে) সকাল ৯টার দিকে সাগর তীরবর্তী কেওড়া বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে শনিবার ৫ বন্ধু বেড়াতে সীতাকুণ্ডে এসেছিল।
তারা গুলিয়াখালী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে জোয়ারের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরে ৪ জনকে উদ্ধার করা হলেও রিফাত পানিতে তলিয়ে যায়।
রবিবার সকালে কেওড়া বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, পর্যটক রিফাতের লাশ সীতাকুণ্ড মডেল থানা পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তারা পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।

