বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

[the_ad id='15178']

সাউদার্ন ইউনিভার্সিটিতে উৎসব মুখর পরিবেশে কমিউনিকেশন ডে—২০২৬ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

তরুণ নেতৃত্ব ও সৃজনশীল যোগাযোগ, দক্ষতা বিকাশের অনন্য আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙণে কমিউনিকেশন ডে—২০২৬ উৎসবমুখর পরিবেশ, প্রাণবন্ত অংশগ্রহণ এবং ব্যতিক্রমধর্মী সৃজনশীলতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ইউর ভয়েস, ইউর পাওয়ার, ইউর ফিউচার।

- Advertisement -

অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম সহ, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ ও কমিউনিকেশন ডে অংশগ্রহনকারী সকল ৭৭ ব্যাচ এর বিবিএ ও টিএইচএম এর শিক্ষার্থীরা ।

- Advertisement -shukee

কমিউনিকেশন ডের সফল বাস্তবায়নের পেছনে ছিল বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও মেন্টরবৃন্দ মোহাম্মদ হাসান, মুশফেকা রেজা সিদ্দিকা এবং সাল সাবিল—এর আন্তরিক দিকনির্দেশনা, দূরদর্শী নেতৃত্ব, শক্তিশালী সমন্বয় ও নিরলস পরিশ্রম। তাঁদের গতিশীল তত্ত্বাবধান পুরো আয়োজনকে দিয়েছে এক অনন্য প্রাণচাঞ্চল্য ও পেশাদারিত্বের ছোঁয়া।

অনুষ্ঠানে ব্যাচ ৭৭—এর শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১০টি দলে বিভক্ত করা হয়, যেখানে প্রতিটি দল ব্যবসায়িক যোগাযোগের বিভিন্ন দিক অত্যন্ত দক্ষতা, সৃজনশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করে। এতে মৌখিক ও লিখিত যোগাযোগ, ইমেইল লেখা, সভা পরিচালনা, পাবলিক স্পিকিং, বডি ল্যাঙ্গুয়েজ ও কমিউনিকেশন নেটওয়ার্কসহ নানান বিষয়ের উপর নিজস্ব স্টল ও প্রদর্শনীর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

শিক্ষার্থীরা পোস্টার প্রেজেন্টেশন, ড্যাংলার, ফেস্টুন, ডিজিটাল ব্যানার, টিম প্রেজেন্টেশন, ফোকাস গ্রুপ ডিসকাশন এবং ইন্টারেক্টিভ কমিউনিকেশন ডিসপ্লের মাধ্যমে তাদের ভাবনা, জ্ঞান ও উদ্ভাবনী ধারণাগুলো অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করে। এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দলগত কাজের দক্ষতা, নেতৃত্বগুণ, পেশাদার আচরণ ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে বাস্তবভিত্তিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য তাদের প্রস্তুত করতেও অনুষ্ঠানটি ছিল অত্যন্ত কার্যকর ও অনুপ্রেরণাদায়ক।

সমাপনী পর্বে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দক্ষিণ অঞ্চলের রিজিওনাল হেড মোহাম্মদ মঈন উদ্দিন এবং চিটাগং লাইভ এর প্রতিষ্ঠাতা সাবের শাহ শিক্ষার্থীদের অসাধারণ সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এ ধরনের বাস্তবমুখী ও জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের স্টল উপস্থাপনা, বাস্তবভিত্তিক প্রদর্শনী, সৃজনশীল চিন্তাভাবনা এবং যোগাযোগ বিষয়ক ধারণাগুলোর পেশাদার প্রতিফলন দেখে গভীরভাবে মুগ্ধ হন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী সকল দলকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সেরা তিনটি স্টলকে তাদের অসাধারণ সৃজনশীলতা, উপস্থাপনা দক্ষতা এবং অনবদ্য পারফরম্যান্সের জন্য পুরস্কার প্রদান করা হয়। সব মিলিয়ে  কমিউনিকেশন ডে—২০২৬ হয়ে ওঠে জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্ব এবং পেশাদার উৎকর্ষতার এক অনন্য মিলনমেলা ।

সর্বশেষ

এই বিভাগের আরও