চট্টগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা ও ব্রেইল প্রশিক্ষণ কার্যক্রমকে এগিয়ে নিতে মানবিক ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে “দৃষ্টি প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র (কৃষ্টি ট্রাস্ট)” এবং চট্টগ্রামস্থ ২১টি রোটারি ক্লাব।
গত শনিবার (১৬ মে) কৃষ্টি ট্রাস্টের নিজস্ব কার্যালয় কর্ণফুলী টাওয়ার, বাড়ি নং-৩২, মেয়র গলি, ২ নম্বর গেট, চট্টগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ধর্মীয় ব্রেইল প্রশিক্ষণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী রোটারি ক্লাবসমূহ কৃষ্টি ট্রাস্টের এই মানবিক উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করে।

এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর বর্তমান সভাপতি রোটারিয়ান সাবিনা কাইয়ুম দোভাষ।
এছাড়াও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান জাহেদা আক্তার মিতা এবং আগামী দিনের সভাপতি রোটারিয়ান সুবর্ণা দে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিই শিক্ষার প্রধান ও কার্যকর মাধ্যম। বিশেষ করে ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে ব্রেইল পদ্ধতিতে কোরআন শিক্ষা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে তারা যেমন শিক্ষার আলোয় আলোকিত হবে, তেমনি ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগও সম্প্রসারিত হবে।
কৃষ্টি ট্রাস্ট এ বছর বিভিন্ন ধর্মীয় পুস্তক ব্রেইলে মুদ্রণ ও প্রকাশনার পাশাপাশি ব্রেইল পদ্ধতিতে ধর্মীয় প্রশিক্ষণ কার্যক্রমও হাতে নিয়েছে। কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা বলেন, কৃষ্টির প্রতিটি মানবিক কার্যক্রমে চট্টগ্রামের বিভিন্ন রোটারি ক্লাবের সহযোগিতা সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি বিশেষভাবে এই উদ্যোগ গ্রহণের জন্য রোটারিয়ান সাবিনা কাইয়ুমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের ২১টি রোটারি ক্লাবের সভাপতি ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারিয়ান সুবর্ণা দে।
যেসব রোটারি ক্লাব এই মানবিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেগুলো হলো- রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটি, মেট্রোপলিটন চিটাগাং, চিটাগাং ডাউনটাউন, চিটাগং সাউথ, এনসিয়েন্ট চিটাগং, চিটাগং হেরিটেজ, গ্রেটার চিটাগং, চিটাগং খুলশী, খুলশী সেন্ট্রাল, চিটাগং রেইনবো, চিটাগং স্মাইল, চিটাগং পোর্ট সিটি, চিটাগং সুপ্রিম, চিটাগাং রিভারাইন হালদা, চিটাগাং অ্যারিস্টোক্র্যাট, চিটাগং রিভার সাইন, চিটাগাং ইম্পেরিয়াল, আধুনিক চট্টগ্রাম, চিটাগং পাইওনিয়ার এবং চিটাগাং ওয়াটারফল,চিটাগং সাগরিকা ।

