ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের ৩৮৫তম কাউন্সিল সভা গতকাল (২২ এপ্রিল) কেন্দ্রের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এতে সভাপতিত্ব করেন।
সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় কাউন্সিলে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ, সকল স্থানীয় কাউন্সিল সদস্যগণ ও সম্মানী সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাউন্সিল সদস্য প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর যেসকল প্রকৌশলী ও পরিবারের সদস্য ইন্তেকাল করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা ও আইইবি’র সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন কাউন্সিল সদস্য প্রকৌশলী এ.এস.এম. শাহজাহান।
কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনাসহ প্রকৌশল ভিত্তিক বিভিন্ন গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এগুলোর মধ্যে প্রযুক্তি ভিত্তিক কার্যক্রম সম্প্রসারনের জন্য আইইবি, সিডিএ ও ইনস্টিটিউট অব আর্কিটেক্ট যৌথ উদ্যোগে বিএনবিসি অনুযায়ী অবকাঠামো নির্মানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। চট্টগ্রামে পাহাড় ধসে ঝুঁকি মোকাবেলা, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণসহ জাতীয় অর্থনীতিতে অবদান শীর্ষক সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।
এছাড়া আইইবি- চট্টগ্রাম কেন্দ্রের ২০২৪-২০২৫ অর্থবছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট অনুমোদন, ৫২তম বার্ষিক সাধারণ সভা আয়োজন, তিনদিনব্যাপী আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ইঞ্জিনিয়ার্স ডে-২০২৬ উদযাপন, প্রকৌশল পেশা ও সমাজসেবায় কৃতিত্বপূর্ন অবদান রাখায় প্রকৌশলীদের বিশেষ সম্মাননা প্রদান, প্রকৌশল খাতে বিশেষ অবদান রাখায় প্রকৌশল ভিত্তিক প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান, ইঞ্জিনিয়ার্স ডে-২০২৬ উপলক্ষ্যে একটি স্মরনিকা প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কাউন্সিল সেগুলো সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে।

