রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা

যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না : জসিম উদ্দিন এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শহরে কর্মরত-বসবাসরত সাতকানিয়া উপজেলাধীন বাজালিয়ার অধিবাসীদের সংগঠন বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর বার্ষিক মিলনমেলা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান আজ ১৮ এপ্রিল স্থানীয় কর্ণেল (অব.) অলি আহমদ বীরবিক্রম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকতার কামাল চৌধুরী।

- Advertisement -

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধতত্ববিদ প্রফেসর ড.সুকোমল বড়ুয়া।

- Advertisement -shukee

বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। তাছাড়া সংগঠনের সদস্য, উপদেষ্টা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার মান্যগণ্য ব্যক্তিসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে যোগ দেন।

শুরুতেই একুশে পদক ও স্বাধীনতা পুরষ্কার অর্জন করায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়াকে বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জসিম উদ্দিন আহমেদ এমপি। এরপর সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তুষার কান্তি বড়ুয়া।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ড. সুকোমল বড়ুয়া সাতকানিয়ার একজন কৃতি সন্তান ও দেশের বরেণ্য ব্যক্তিত্ব। কথায় আছে, যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না। তিনি একাধারে খ্যাতনামা শিক্ষক, শিক্ষাবিদ ও গবেষক। তাঁকে সংবর্ধিত করায় বাজালিয়া সমিতি চট্টগ্রামকেও তিনি ধন্যবাদ জানান।

সংবর্ধিত অতিথি ড. সুকোমল বড়ুয়া তাঁকে সংবর্ধিত করায় বাজালিয়া সমিতি চট্টগ্রাম ও এলাকার মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে নিজের জীবনের সংগ্রামী ইতিহাস তুলে ধরেন। কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যত কা-ারী হিসেবে উল্লেখ করে সংবর্ধিত অতিথি বলেন, শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব-মা-বাবা, শিক্ষককে সম্মান করা, উন্নত চরিত্র গঠন করে ভবিষ্যতে সমাজ-হিতৈষী কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করা।

বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বাজালিয়া সমিতি -চট্টগ্রাম শিক্ষার উন্নয়ন ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন, শেরে বাংলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি দাশ, উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধি মো. ইলিয়াস ও জাহাঙ্গীর আলম, সমিতির প্রাক্তন নির্বাহী সদস্য রফিকুল ইসলাম চৌধুরী ও  সালাহউদ্দিন শাহরিয়ার চৌধুরী,  বর্তমান নির্বাহী সদস্য হারুন অর রশিদ এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক জালাল আহমেদ। সবশেষে অতিথিগন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ও এসএসসিতে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন। সভা সঞ্চালনায় ছিলেন, এডভোকেট ওসমান গনী খোকন, এডভোকেট শোয়েব আলী চৌধুরী, জালাল আহমেদ ও সমীর কান্তি চৌধুরী।

 

সর্বশেষ

এই বিভাগের আরও