মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর উদ্যোগে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ও কোস্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় গণশুনানি ও তথ্য অধিকার বিষয়ে জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ( ১২ এপ্রিল) কক্সবাজারের রামুতে ইপসা-এইচআরডিসি মিলনায়তনে অনুষ্ঠিত এই গণশুনানি ও তথ্য অধিকার বিষয়ক জন অবহিতকরণ সভায় ইপসা ও কোস্ট ফাউন্ডেশনের মোট ৬০ জন ঋণগ্রহীতা সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এমআরএর পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন যুগ্ম পরিচালক সর্বজনাব রণজিত কুমার সরকার ও যুগ্ম পরিচালক নাজনীন সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পরিচালক সৈয়দ আশিক ইমতিয়াজ এবং সহকারী পরিচালক মো. হাসান ও সহকারী পরিচালক রোকসানা আক্তার লিজা।
গণশুনানি ও তথ্য অধিকার-বিষয়ক সভায় কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক এম. রেজাউল করিম চৌধুরী, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম এবং ইপসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান, পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মো. মনজুর মোরশেদ চৌধুরী, উপ-পরিচালক ও কক্সবাজার রিজিওনাল প্রধান মোহাম্মদ শহিদুল ইসলামসহ কোস্ট ও ইপসার কর্মকর্তাবৃন্দ।
গণশুনানি ও তথ্য অধিকার বিষয়ক সভায় অংশগ্রহণকারী গ্রাহকরা ক্ষুদ্রঋণ কার্যক্রম, সেবা গ্রহণের অভিজ্ঞতা এবং বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। আলোচনায় সার্ভিস চার্জের হার কমানো, লবণাক্ততা এলাকায় সুপেয় ও নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, আহত বা ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য অনুদান সহায়তা এবং কৃষি খাতে গ্রেস পিরিয়ড চালুর মতো বিষয়গুলো উঠে আসে।
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘কক্সবাজারে প্রচুর পর্যটক আসে প্রতিবছর। এই জনপদের তরুণদের আরও দক্ষ করতে ১২ টা ট্রেডের উপর প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করছে কোস্ট ফাউন্ডেশন। এই এলাকার পানির সমস্যা সমাধানে সরকারের সাথে ইপসা ও কোস্ট যৌথভাবে কাজ করবে।’

ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ইপসার নিজস্ব তহবিল ও পিকেএসএফ থেকে তহবিল সংগ্রহ করে গ্রাহকদের উন্নয়নের লক্ষ্যে ঋণ প্রদান করে থাকে। তিনি আরও বলেন, গ্রাহকদের বাস্তব পরিস্থিতি সরেজমিনে জানার উদ্দেশ্যে এমআরএর সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আজ এখানে উপস্থিত হয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয়। এই উদ্যোগের জন্য তিনি এমআরএ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে ক্ষুদ্রঋণের সার্ভিস চার্জ যৌক্তিকীকরণ, সঞ্চয়ের লভ্যাংশ হার বৃদ্ধি, প্রবীণ ও প্রতিবন্ধী সদস্যদের জন্য অর্ন্তভূক্তিমূলক অর্থায়ন কার্যক্রম এবং গ্রাহক কল্যাণ তহবিল থেকে গ্রাহকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন উল্লেখ করেন, ঋণের সার্ভিস চার্জ বা সেবা মূল্য হ্রাসকরণের উপায়ের বিষয়ে অথরিটি কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া, ক্ষুদ্র অর্থায়নের গ্রাহকগণ নিজেদের নামে গৃহীত ঋণ নিয়ে নিজেরা আরও বেশী আয়বর্ধন মূলক কর্মকাণ্ডে যেন নিয়োজিত হয়, সে বিষয়ের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথি এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য ইপসা ও কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।


