দক্ষিণ চট্টগ্রামের মইজ্জ্যারটেক এলাকায় পাওনা টাকা নিয়ে তর্ক-বিতর্কের জেরে ঘুষিতে প্রায় হারিয়েছেন পটিয়ার এক ব্যবসায়ী।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তৈয়বকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম দিদারুল আলম (৫০)। তিনি উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর এলাকার মরহুম আহমেদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মইজ্জ্যারটেক এলাকার আল আকসা হোটেলের সামনে দিদারুল আলম ও তৈয়বের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছালে তৈয়ব দিদারের ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে দিদারুল আলম মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।
গুরুতর অবস্থায় স্থানীয়রা দিদারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হামলা। ঘাতক তৈয়বের সঙ্গে কোনো প্রকৃত পাওনা লেনদেন ছিল না। আগেও সে এ ধরনের ঘটনায় জড়িয়েছে। আজ দিদারকে একা পেয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত তৈয়বকে আটক করে থানায় নেয়া হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

