রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আহত এগারোজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা ও অন্যান্য সংস্থা কাজ করছে।

জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ৫৬ জন যাত্রী ছিল। তাদের বেশির ভাগ ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। বাসটি নদীতে পড়ার স্থানটি অত্যন্ত গভীর বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
এগারোজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের মধ্যে এখন পর্যন্ত চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকাজে বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

