শনিবার, ২০ জুন ২০২৬

[the_ad id='15178']

আওয়ামী শাসন আমলের তিনটি বিতর্কিত নির্বাচন নিয়ে আরও পোস্টমর্টেম করতে হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইতিহাসের শিক্ষার লাগাতার চর্চা করবে বর্তমান সরকার। এই চর্চার ওপরই সুশাসনের গতি নির্ভর করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

- Advertisement -

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে হাসান আহমেদ চৌধুরী কিরণ-এর ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

- Advertisement -shukee

তথ্যমন্ত্রী বলেন, রাতের ভোটের নির্বাচনই ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পালানোর শর্ত পূরণ করেছে। নিশিরাতের নির্বাচন ও ফ্যাসিস্ট শাসনামল থেকে পাওয়া ইতিহাসের শিক্ষা বিএনপি সরকার লাগাতারভাবে চর্চা করবে। ইতিহাসের চর্চা করার মধ্যে দিয়েই সঠিক সুশাসনের গতি নির্ভর করে।

তিনি বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই ইতিহাস থেকে প্রাপ্ত শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে বিএনপি সরকার। দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে অবাধ নির্বাচনের যাত্রা অব্যাহত রাখা হবে। গণতন্ত্রের স্বার্থে আওয়ামী শাসন আমলের তিনটি বিতর্কিত নির্বাচন নিয়ে আরও পোস্টমর্টেম করতে হবে।

মন্ত্রী বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করতে হবে। সেখান থেকে জানতে হবে, ফ্যাসিবাদের উৎস কোথায় লুকিয়ে ছিল। এই অধ্যয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টি ভাইরাস হিসেবে কাজ করবে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।

সংবিধান সংস্কার পরিষদের সমাধান না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যৎ ‘পরিষ্কার’ হবে না বলে জানান তিনি।

বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মীমাংসিত নয়। তবে জনগণের চাওয়া দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটিকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, পিআইবির সাবেক মহাপরিচালক ড. আব্দুল হাই সিদ্দিক, ডিবেট ফর ডেমোক্রেসির চিফ মডারেটর অধ্যাপক আবু মোহাম্মদ রইস, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন ও ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক ড. এস এম মোর্শেদ।

সর্বশেষ

এই বিভাগের আরও