যুদ্ধের কারণে সামনে সবকিছুর দাম বাড়বে। আর সেটা মোকাবিলায় সরকার কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরজিডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতি করবে, সামনের দিনগুলো খুব একটা ভালো হবে না, সব কিছু দাম বাড়বে। এটাকে মোকাবিলে করেই সরকার কাজ করতেছে।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
কিছু পাম্প ভাঙচুর হয়েছে জানিয়ে এলজিআরজিডি মন্ত্রী বলেন, আমরা সরাসরি বলতে চাই কোনো মব তৈরি করতে দেব না,মবকে কঠোরভাবে দমন করা হবে। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করবেন না।
বিরোধী দলের নেতাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু সংখ্যক নেতা বের হয়েছে যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে, কিন্তু বেহেশত তো দিতে পারলো না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ বেহেশতে যাবো। একটা জিনিস মনে রাখবেন ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না।
বিএনপি যে কথা বলে সেটা কাজ করে দেখায় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আমাদের কাজ করে ইবাদত করে বেহেস্তে যাবো। ধর্মকে ব্যবহার করে কেউ বেহেস্তে যেতে পারবে না।
প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, সৎভাবে কাজ করবেন, যেন কেউ অভিযোগ করতে না পারে যে খাল খনন কাজ হয়নি।

