মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে পড়েছে। একই সঙ্গে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়েও অসংখ্য অভিযোগ রয়েছে।
এ সব অসঙ্গতি ও ভুল চিহ্নিত করে দ্রুত তালিকা সংশোধনের কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার ( ১৩ মার্চ) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ সব কথা বলেন।
আহমেদ আজম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যে দায়িত্ব অর্পণ করেছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে শহীদ জিয়ার আদর্শ এবং খালেদা জিয়ার চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা।
তিনি যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো রাজাকারের তালিকায় ঢুকে পড়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়া এবং প্রকৃত তালিকা প্রণয়ন করা। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকার যাবতীয় ভুলভ্রান্তি দূর করে একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা জাতির সামনে তুলে ধরা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় মুক্তিযুদ্ধমন্ত্রীর সঙ্গে আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ টাঙ্গাইল জেলার সখীপুর, বাসাইল, মধুপুর ও ধনবাড়ী এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

