ইরানে যুদ্ধবাজ মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ বুধবার (৪ মার্চ) বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও সহ সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া।

সমাবেশে সিপিবি নেতারা বলেন, বিনা উসকানিতে ইরানের ওপর হামলে পড়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও জায়নবাদী ইসরায়েল। যৌথ সামরিক হামলা চালিয়ে আলী খামেনিসহ দেশটির অনেক নেতাকে হত্যা করা হয়েছে।স্কুলে বোমা মেরে দেড় শতাধিক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে। আমেরিকা ও ইসরায়েলের আচরণ সমস্ত আন্তর্জাতিক সভ্য রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা মনে করি, ইরানের ভবিষ্যত নির্ধারণের অধিকার শুধুমাত্র ইরানের জনগণই সংরক্ষণ করে, আমেরিকা ও ইসরাইলের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর বিন্দুমাত্র সেই অধিকার নেই। এ হামলা ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর নির্লজ্জ ও নগ্ন হস্তক্ষেপ।
সাম্রাজ্যবাদী আমেরিকা ইরানের ওপর হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।

সিপিবি নেতারা আরও বলেন, যুদ্ধবাজ আমেরিকা এখন সারাবিশ্বে যুদ্ধ, সংঘাতের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করে নিজেদের অর্থনীতি রক্ষার ভয়ঙ্কর খেলায় মেতেছে। ভেনিজুয়েলায় নগ্ন হামলা করে তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে৷ কিউবার ওপর আগ্রাসন চালাচ্ছে। তাদের উন্মাদ প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক কোনো রীতিনীতির তোয়াক্কা না করো প্রকাশ্যে বিভিন্ন দেশের ওপর আক্রমণ, আগ্রাসনের হুমকি দিচ্ছে নিয়মিত।
আমরা বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তিকামী যুদ্ধবিরোধী জনগণকে ইরানের উপর সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে সোচ্চার হওয়ার আহবান জানাই। আর বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান,আমেরিকার প্রতি নতজানু নীতি পরিহার করে সরকারের পক্ষ থেকে অবিলম্বে ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে নিন্দা জানাতে হবে।

