দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন।
বুধবার (২৪ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে বিমানবন্দরের উদ্দেশ্যে সপরিবারে তিনি লন্ডনের বাসা ত্যাগ করেন। ফ্লাইটটি ঢাকা সময় রাত ১২টা ১৫ মিনিট (লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট) লন্ডন থেকে যাত্রা করবে।

মধ্যরাতে লন্ডন ছাড়বেন তিনি। সব ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে।
এসময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়াও পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য লন্ডন থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে A1 নম্বর আসন নির্ধারণ করা হয়েছে।
সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় তিনি লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-202–এ যাত্রা করছেন তারেক রহমান, যা লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকা রুটে পরিচালিত হচ্ছে।
ফ্লাইটটি বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। উচ্চপর্যায়ের যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত অপারেশনাল সমন্বয় ও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। দলটির আশা, ৫০ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানেই তাকে স্মরণকালের স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

