চট্টগ্রাম নগরের দখলকৃত সকল খেলার মাঠ পুনরুদ্ধার করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (১২ডিসেম্বর) রাতে ইউনিটি ব্রাদার্স ক্লাব আয়োজিত এবং শতাব্দী ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কিশোর গ্যাং সমস্যা, মাদক সমস্যা এগুলো সৃষ্টি হওয়ার মূল কারণ শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের স্থানের অভাব। এজন্য খেলার মাঠ দখলমুক্ত করে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা চসিকের অগ্রাধিকার। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে গঠনে মাঠ ফেরত আনতেই হবে। ইতোমধ্যে আমি ৪১ টি ওয়ার্ডে ৪১ টি খেলার মাঠ গড়ার লক্ষ্যে কাজ করছি। ইতোমধ্যে ১১টি মাঠ নির্মাণকাজ এগিয়ে গেছে। মহসিন কলেজের মাঠসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠগুলোও আমরা সংস্কার করে দিব। আর যেসব মাঠ বেদখল হয়ে আছে সেগুলো আমি উদ্ধার করে আবারও খেলার জন্য উন্মুক্ত করে দিব। আগ্রাবাদে যেভাবে দখল হওয়া রাস্তা উদ্ধার করে দিয়েছি সেভাবে মাঠগুলোও উদ্ধার করে দিব।

বক্তব্যে মেয়র আরও জানান, চসিক ইতোমধ্যে নগরের দখলকৃত মাঠগুলোর তালিকা করছে এবং অচিরেই মাঠগুলোর সীমানা নির্ধারণ, আলো স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ড্রেনেজ উন্নয়নের কাজ শুরু হবে। তিনি বলেন,“খেলাধুলা সমাজকে সুন্দর পথে এগিয়ে নেয়। মাঠ রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।”

টুর্নামেন্ট দুটির উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি মো. সেকান্দর, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধাদলের সভাপতি মো. হাজী হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য জমির আহমেদ, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক হাসান রুবেল, হাফিজুর রহমান, হাজী মোহাম্মদ সালাউদ্দিন, কাউসার হোসেন বাবু, আজিজুল হক, হারুন অর রশীদ দিদার, মোঃ আব্বাস, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ফরিদ, মোঃ শহীদুল্লাহ, মো. হাসান রাজু, মোজাম্মেল হক কহিন,মো. সাইদুর রহমান সাইদ, মনিরুল হক, শফিউল আজম, মোহাম্মদ ফয়সাল শাফায়েত, মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

