চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে ৭টি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয়রা জানান, চারতলা ভবনটির চতুর্থ তলায় কম্বলের গোডাউন এবং তৃতীয় তলায় জুতার গোডাউন ছিল। ভবনটিতে প্রায় দেড়শো মানুষ কাজ করেন, তবে আগুনের সময় কোনো মানুষ সেখানে উপস্থিত ছিলেন না। তাই হতাহতের ঘটনা ঘটেনি।
ভবনটির দ্বিতীয় তলায় কর্মরত কর্মচারীরা বলেন, আমরা বাসায় ছিলাম। বাসা থেকে ধোয়া দেখে বুঝতে পেরেছি। আমাদের কারখানা ২য় তলায়, এখানে ৬০ জন কর্মচারী কাজ করেন।
স্থানীয় একজন ভবন মালিক জানান, আগুন সম্ভবত কম্বলের গোডাউন থেকে ছড়িয়ে পড়ে। আশপাশের ভবনগুলোতে মোটর পার্টস, এসি পার্টস, ইলেকট্রিক মালামাল, লুব্রিকেন্টস, প্লাস্টিক পাইপ, ছাতা, আচারের গোডাউন এবং আমদানিকারকদের মজুদকৃত পণ্যসহ বিভিন্ন ধরনের মালামালের গোডাউনে রয়েছে।

