এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৪২ জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৭৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১১৫৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৩৩ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০০, চট্টগ্রাম বিভাগে ৮৫, খুলনা বিভাগে ৬২, ময়মনসিংহ বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ৪৭, রংপুর বিভাগে ১৯ এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১২১ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ৭ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।

