কিশোরগঞ্জ শহরে প্রবাহিত নরসুন্দা নদী তীরের হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ১৪টি লোহার দানবাক্স খোলা হয়েছে আজ।
৪ মাস ১৮ দিন পর শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় এ দানবাক্সগুলো খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।
তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও দুইটি দানবাক্স।
এর আগে ৪ মাস ১২ দিন পর চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন ।
জনশ্রুতি আছে, কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যে জেগে ওঠা এক চরে এক আধ্যাত্মিক পাগল সাধক বসবাস করতেন। তার মৃত্যুর পর সেখানে নির্মিত হয় একটি মসজিদ। পরবর্তীতে এই মসজিদটি ‘পাগলা মসজিদ’ নামে পরিচিতি লাভ করে।
মানুষের বিশ্বাস, এখানে মানত করলে মনের আশা পূর্ণ হয়। সেই বিশ্বাসে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের মানুষ মসজিদে বিপুল অঙ্কের দান করে থাকেন। সময়ের সাথে সাথে এই দান শুধু বেড়েই চলেছে।
এবারও প্রাপ্ত টাকার পরিমাণ হবে কয়েক কোটি এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। গণনা শেষে সঠিক হিসাব পাওয়া যাবে। তবে আগের রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে স্থানীয়দের মাঝে।

