প্রথম দেখায় ভুটানকে হারাতে পারলেও আজ আর পারেনি। চাংলিমিথাং স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। তাতে তাদের সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার আশা শেষ হওয়ার পথে।
আজ একই স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে নেপালের মুখোমুখি হবে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা ভারত। জিতলেই এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা, ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বাংলাদেশ ৩১ আগস্ট নিজেদের শেষ ম্যাচে জিতলেও তা কোনো কাজে আসবে না, সেই ম্যাচটি আবার ভারতের বিপক্ষে।

তবে ভারত আজ হেরে গেলে আশা বেঁচে থাকবে বাংলাদেশের। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে তাদের জিততেই হবে। ভারত যদি নেপালের বিপক্ষে ড্র করে, তাও আশা শেষ হয়ে যাবে সুরভী আকন্দ প্রীতিদের। কারণ ভারত (২২) গোল ব্যবধানে বাংলাদেশের (৬) চেয়ে বহু এগিয়ে।
বাংলাদেশ প্রতিযোগিতাটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গত বছর ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এবার রানার্সআপদের ওপরই নির্ভর করছে চ্যাম্পিয়নরা কতক্ষণ শিরোপার দৌড়ে টিকে থাকতে পারবে।
ভুটানের বিপক্ষে আজ জিততে পারলে ভালো আশা বেঁচে থাকতো প্রীতিদের। ৬ মিনিটের মধ্যে লিডও পেয়ে গেছিল তারা। জোরালো শটে পূর্ণিমা মারমা ব্যবধান ১-০ করেন। স্বাগতিকরা প্রথমার্ধেই এই ম্যাচে সমতা টানে। দ্বিতীয়ার্ধে আর একটিও গোল হয়নি।

