চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল পরিচালনার জন্যে পাঁচ সদস্যবিশিষ্ট যে তত্ত্বাবধায়ক কমিটি গঠন করেছে সেই আদেশ চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর চৌধুরী হাইকোর্টে যে রিট আবেদন করেছেন আদালত তা খারিজ করে দেয়া হয়েছে।
আজ (২৯ জুন) বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মো. হামিদুর রহমান চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা কমিটির তথাকথিত সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর দায়েরকৃত রিট পিটিশন ( রিট পিটিশন নম্বর ৯৮৫১) আমলে না নিয়ে খারিজ করে দিয়েছেন। এর আগে দুযুগ ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা অবৈধ সভাপতি জাহাঙ্গীর চৌধুরী সমাজসেবার প্রশাসক নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে এবং ৬মাসের স্থগিতাদেশ আনে। যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের কিছু নিবেদিত জীবন-সদস্য পক্ষভুক্ত হয়ে হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে আপিল করেন। দীর্ঘ শুনানী শেষে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ মহামান্য হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহাবুব ও দেবাশীষ রায় চৌধুরী আপীল আবেদন খারিজ করে দেন।

১৬জুন ২০২৫ তারিখে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, সমাজসেবা অধিদপ্তরাধীন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা “চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি” (রেজি নম্বর৬৯৫/৭৮) এর বৈধ কোনো কার্যকরী কমিটি না থাকায় সমাজসেবা অধিদপ্তরের স্মারক নম্বর ৪১.০১০০০০.০৪৬.২৭.০০২৫.২২.৪৭৭ তারিখ: ০৪.০৬.২০২৫ খ্রিস্টাব্দ মূলে জারিকৃত নির্দেশনার আলোকে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ এর ধারা ৯ এর উপধারা (২) অনুসারে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হককে আহবায়ক, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক উর্বশী দেওয়ানকে সদস্য-সচিব ও চট্টগ্রাম ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এবং চট্টগ্রাম শহর সমাজেসেবা কার্যালয়-৩ এর সমাজসেবা অফিসার আশরাফ উদ্দিনকে সদস্য করে পাঁচ সদস্যবিশিষ্ট তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয়।
গত ২২ জুন থেকে নবগঠিত তত্ত্বাবধায়ক কমিটি হাসপাতালের কার্যক্রম পরিচালনা করে আসছে। হাইকোর্টে রিট করায় এ কমিটির আধিকারিকদের মধ্যে দায়িত্ব পালনে যে দ্বিধা ও সংশয় তৈরি হয়েছিলো তা আর থাকলো না। হাসপাতালের আজীবন সদস্যদের প্রত্যাশা, পাঁচ সদস্যবিশিষ্ট তত্ত্বাবধায়ক কমিটির সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করবেন। তত্ত্বাবধায়ক কমিটির কর্মপরিধি হচ্ছে, (ক). ১৯৬১ সালের স্বোচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশেন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, এতদসংক্রান্ত বিধি ১৯৬২ এবং অনুমোদিত গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন; (খ) তত্ত্বাবধায়ক কমিটি কার্যকরী কমিটির ন্যায় সমুদয় কর্তৃত্ব ও ক্ষমতা প্রয়োগ করবেন; (গ) তত্ত্বাবধায়ক কমিটি এ আদেশ প্রাপ্তির তারিখ থেকে অনতিবিলম্বে গঠনতন্ত্র অনুসারে নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচন অনুষ্ঠানের
সামগ্রিক পদক্ষেপ গ্রহণ করবেন; (ঘ) তত্ত্বাবধায়ক কমিটি এ আদেশ প্রাপ্তির তারিখ থেকে ৯০(নব্বই) দিনের মধ্যে গঠনতন্ত্র অনুসারে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন; (ঙ) এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

