চট্টগ্রামের সীতাকুণ্ড সদর থেকে তমা দাশ গুপ্ত ( ১৮) নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে ছাত্রীর মা সীতাকুণ্ড মডেল থানায় জিডি করেছেন। কিশোরী তমা দাশ এর বাড়ি সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড জাফরনগরের কালিতলায় ।
জিডি সূত্রে জানা যায়,তমা দাশ সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী,সে গতকাল সোমবার (২৮এপ্রিল) কলেজে আসার পর আর বাড়ী ফিরেনি, ব্যবহৃত মোবাইলও বন্ধ,আত্মীয়-স্বজনসহ পরিচিত সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তার মা বাবলী দাশ গুপ্ত আজ মঙ্গলবার সীতাকুণ্ড থানায় জিডি করেছেন। জিডি নং- ১৮২০।

নিখোঁজের মা বাবলী দাশ চাটগাঁর বাণীকে বলেন, পরিবারের একমাত্র মেয়ে তমা গতকাল সোমবার সকালে কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছে। কলেজ থেকে দুপুরে তার এক বান্ধবীর বিয়েতে যাবে বলেছিলো। বিকেল পাঁচটায় তার মুঠোফোনে ফোন করা হলে সে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে জানায়। এর পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। গতকাল বিকেল থেকে নিখোঁজ সন্তানের কোনো হদিস না পাওয়ায় চরম উৎকণ্ঠায় আছে তার পরিবার।
তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. মাহমুদুল হাসান চাটগাঁর বাণীকে বলেন, সীতাকুণ্ডে প্রতিদিনই অসংখ্য নিখোঁজের ঘটনা ঘটছে। কলেজছাত্রী নিখোঁজের বিষয়টি স্পর্শকাতর। নিখোঁজ তমা দাশের পরিবারের সাথে কথা বলে উদ্ধারের কাজ শুরু করেছি।


