চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই খামারির ৫টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় নিজেদের গরু নিতে বাঁধা দেয়ায় সন্ত্রাসীদের মারধরেরও শিকার হয়েছেন তারা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলপুর আবুল কালাম চৌধুরী চেয়ারম্যানের বাড়িতে এ গরু লুটের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন-খামারি মুহাম্মদ জসিম উদ্দিন ও আব্দুর শুকুর।

আব্দুর শুক্কুর বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাত তিনটার দিকে ৬ জনের একটি সন্ত্রাসী দল আমার গোয়াল ঘর থেকে দুইটি গরু নিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমি তাদের বাঁধা দিতে গেলে আমাকে মারধর করে। আমার দুইটি গরুর দাম তিন লাখ টাকা। ।
আরেক ক্ষতিগ্রস্ত জসিম উদ্দিন জানান, গোয়ালের বাইরে মানুষজনের হাঁটাচলা দেখে বের হলেই আমাকে ৫-৬ জন মিলে হাত-পা, মুখ বেঁধে মারধর করে। পরে গোয়ালের দরজা খুলে গরু নিয়ে যায় তারা। আমার তিনটি গরুর মূল্য ৪ লাখ টাকা।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বিষয়টা আমি শুনেছি। ক্ষতিগ্রস্তদের থানায় আসতে বলছি। তারা আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

