প্রিমিয়ার ইউনিভার্সিটিতে প্রয়াত সিএসই বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রয়াত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৪ অক্টোবর ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চতুর্থ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। এ সময় সিএসই, ইইই, আইন ও অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রয়াত সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক থেকে সবার শিক্ষা নেয়া উচিত। অন্যের সমালোচনায় সময় ব্যয় না করে মানুষের কল্যাণে কাজ করা এবং সময়কে যথাযথভাবে কাজে লাগানোই হওয়া উচিত আমাদের লক্ষ্য। তিনি মরহুমের ভালো কাজগুলো অনুসরণ করে তাঁর স্মৃতিকে সম্মান জানানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির প্রয়াত চেয়ারম্যানের কর্মময় জীবন, পেশাগত নিষ্ঠা ও বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, একজন শিক্ষকের প্রকৃত অবদান তাঁর দায়িত্বশীল কর্ম, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কের মধ্য দিয়ে প্রকাশ পায়। মরহুমের আদর্শ ও ভালো কাজগুলো অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রয়াত চেয়ারম্যানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মঈনুদ্দিন।

