হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে পূজার উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাটহাজারীর চৌধুরীহাট পল্লী মঙ্গল সমিতি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

পূজার উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবের রহমান শামীম।
প্রধান অতিথি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
অপশক্তি যাতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে বিভেদ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সর্বস্তরের নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতা-কর্মীরা পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মোমিন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, চিকনদণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক গাজী ইউসুফ,হাটহাজারী উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত ও মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

