দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬৮ শিশু। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯২২ শিশুর। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০০ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯০৫। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২২ শিশু এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৭৬৭ শিশু।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৯ জনের।
এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

