মাদকের বিরুদ্ধে পরিবার ও সমাজের সবস্তর থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিবেকবান মানুষের নীরবতা সমাজকে আরও অন্ধকারের দিকে নিয়ে যায়।
মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকেছে। এখনই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের কোনো সন্তান মাদক গ্রহণ করুক, তা হতে দেয়া যায় না।’
জেলা প্রশাসক বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তি নিজের ওপরই নিয়ন্ত্রণ রাখতে পারেন না। তিনি কখন খুন, চুরি বা ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়বেন, তা আগে থেকে বলা যায় না। সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে হলে মাদকের বিস্তার ঠেকাতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন,মহান স্বাধীনতাযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা যেভাবে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা যেভাবে বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে দাঁড়িয়েছিলেন, একইভাবে সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
মাদক নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম নেয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, প্রশাসনিক অভিযান ও আইনের প্রয়োগ অব্যাহত থাকবে।
মাদক ব্যবসায়ীদের বিষয়ে প্রশাসনকে তথ্য দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তথ্য দিন, আমরা কঠোর ব্যবস্থা নেব। মাদকের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়ার সুযোগ নেই।’
তবে শুধু প্রশাসনিক অভিযান যথেষ্ট নয় মন্তব্য করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এ বিষয়ে সোচ্চার হতে হবে। শুধু শিক্ষিত ও সম্মানিত পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সচেতন নাগরিকদের প্রতিবাদ গড়ে তুলতে হবে।
অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, সন্তানকে শুধু সনদ কিংবা ভালো ফলের জন্য প্রস্তুত করলে হবে না; তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যে সন্তান বাবা-মাকে সম্মান করে না, ছোটদের ভালোবাসে না এবং অন্যের বিপদে এগিয়ে আসে না, তার শিক্ষাগত সাফল্য পরিবার বা সমাজের কাজে আসে না।
শিক্ষার্থীদের সময় কাজে লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সময় কিনতে পাওয়া যায় না। বিশ্বে টিকে থাকতে হলে মেধা ও দক্ষতা অর্জন করতে হবে। মাদকের পেছনে সময় নষ্ট করলে যোগ্যতা অর্জন কিংবা সুস্থভাবে চিন্তা করা সম্ভব হবে না।’
মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মাদকের প্রতি সামাজিক ঘৃণা তৈরির পাশাপাশি মানুষের মধ্যে ভালোবাসা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। এসব মূল্যবোধ কিনতে পাওয়া যায় না; নিজের মধ্যে ধারণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম, ভাটেরখীল উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, মুরাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য এজহারুল ইসলাম, সমাজসেবক মো. শহিদুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি সাজ্জাদ সাকিল।

