চট্টগ্রামের হেলদিওয়ার্ড খ্যাত জামালখানের বিভিন্ন হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা দস্তগীর হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া গ্রান্ড শিকদার হোটেলকে ২০ হাজার টাকা এবং হালাল ব্রেড ব্রান্ড লাইভ বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি জানান, দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না এবং উৎপাদনের জন্য জরিমানা করা হয়েছে।
হালাল ব্রেড ব্রান্ড নামের লাইভ বেকারিতে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে মেনটেইন না করা এবং অপরিচ্ছন্নতা এবং গ্রান্ড শিকদার রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না এবং উৎপাদনের জন্য জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

