স্বামী তাওফীক নেওয়াজ এর মুত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এ দম্পতির কন্যা তানি দীপাবলি নেওয়াজ এর আবেদনের প্রেক্ষিতে প্যারোলে মুক্তি বিধিমালা মোতাবেক ১২ ঘন্টার জন্য মুক্তির আদেশ প্রদান করেছেন মুন্সীগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ। আবেদনের বিষয়টি পর্যালোচনা করে ১৮৯৪ সালের কারাবিধি আইনে এই মুক্তির আদেশ প্রদান করেন জেলা প্রশাসক।

আদেশে বলা হয়, ১.প্যারোলে মুক্তির সময়সীমা ২০ আগস্ট ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ২. প্যারোলে থাকাকালীন সময় বন্দীকে সার্বক্ষণিক প্রহরায় রাখতে হবে। ৩. কারাগার ফটক থেকে পুলিশ প্যারোলে মুক্ত বন্দীকে বুঝে নেবার পর উক্ত সময়ের মধ্যে কারাগারে ফেরত দিবেন। আগামীকাল ভোর সকাল ৬ টায় দীপু মনিকে পুলিশ ঢাকায় নিয়ে যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আবার মুন্সীগঞ্জ কারাগারে ফেরত দিবে।
প্যারোলে মুক্তির বিষয়ে ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, আমরা ৪ দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম, জেলা প্রশাসক আমাদের ১২ ঘন্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। যেহেতু ডা. দীপু মনি ২ বছর ধরে কারাগারে আছেন। ইতিপূর্বে তার স্বামী অসুস্থ্য ছিলো দীর্ঘ দিন। আমরা একাধিকবার কারাগারের বাহিরে দেখা করার অনুমতি চেয়েছিলাম কিন্তু অনুমতি মিলেনি। আজকে মৃত্যুতে প্যারোলে মুক্তি মিললো। যখন চূড়ান্ত হলো ১২ ঘন্টা তখন আমরা ২০ তারিখ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তই মঞ্জুর করতে বলেছি।
তিনি আরও বলেন, কারা ফটক থেকে পুলিশ বুঝে নিবে এবং আবার এখানে এনে দিয়ে যাবে। ওনার জানাজার বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কলাবাগান নিজ বাসভবনে আনা হবে। সেখানে দীপু মনির সাথে তার প্রথম স্বাক্ষাত এবং সেখানেই ব্যারিস্টার তাওফিক নেওয়াজ এর লাশ সেখানে দেখবেন। পরবর্তীতে মরদেহ নেয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর আজাদ মসজিদে জানাজার নামাজ হবে এবং সেখানেই দোয়া হবে। জানাজা এবং দোয়া শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরও বলেন, আমরা যেটা পেয়েছি সেটা আইনগতভাবেই পেয়েছি। ১৮৯৪ সালের কারাবিধি আইন সেখানে ১২ ঘন্টার একটা বিধি আছে সেটা শুধু জেলা ম্যাজিস্টেটের এখতিয়ারাধীন। তিনি দিনের আলোতে ১২ ঘন্টা মুক্তি দিতে পারেন। আমরা সেইটুকুই পেয়েছি। যদি সরকার চাইতো তাহলে আরও অধিক সময়ের জন্য দিতে পারতো।

