সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২২জুলাই) সন্ধ্যা ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন তার গ্রামের বাড়ি ভাটিয়ারী এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হামলার ঘটনাসহ থানায় একাধিক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আজ আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করতে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিনকে অন্যায়ভাবে মব সৃষ্টি করে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। আটকের পরপরই ফেসবুকজুড়ে দলীয় নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবি জানিয়ে আসছেন।

