ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গতকাল শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রের সেমিনার কক্ষে দুইসপ্তাহব্যাপী ফ্রেশ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স ট্রেনিং প্রোগ্রাম ((Fresh Graduate Engineers Training Programme-2026) শীর্ষক দুইসপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সদ্য পাশকৃত নবীন স্নাতক প্রকৌশলীদের কর্মজীবনে প্রবেশের পূর্বে পেশাদারিত্ব অর্জন ও কর্মক্ষেত্রের মৌলিক বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তোলাই এই কর্মসূচির লক্ষ্য। আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। প্রশিক্ষণ কোর্সে কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়াও কোর্স কো-অর্ডিনেটর ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. নুরুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেন, প্রকৌশল শুধু একটি পেশা নয়, জাতীয় উন্নয়নে মূল চালিকা শক্তি। টেকশই উন্নয়ন ও উন্নত জাতি গঠনে নবীন প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাস্তব ভিত্তিক সকল সমস্যা সমাধানে বিভিন্ন উপায় উদ্ভাবনরে জন্য নবীন প্রকৌশলীদের আহবান জানান। এছাড়াও তিনি বলেন, কর্মক্ষেত্রে প্রবেশের পর নবীন প্রকৌশলীদের বিভিন্ন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়। শ্রেণীকক্ষে অর্জিত জ্ঞান ও কর্মক্ষেত্রে কর্মসম্পাদনের জ্ঞান এক নয়। তিনি নিজেকে মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলে কর্মক্ষেত্রে দক্ষতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, শিক্ষা জীবন শেষে চাকুরী না পেলে হতাশ না হয়ে আত্ম বিশ্বাসের সঙ্গে নিজস্ব কর্মক্ষেত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে মত ব্যক্ত করেন।

সভাপতির বক্তৃতায় প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, নবীন প্রকৌশলীদের কর্মক্ষেত্রে পেশাদারী দক্ষতা ও মনোভাব তৈরীর উপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন কর্মক্ষেত্রে ইন্টারভিউ ফেস করার কৌশল, সকল বাধা অতিক্রম করতে আত্মবিশ্বাস অর্জনের উপর গুরুত্বারোপ করেন। তিনি প্রকল্প ব্যবস্থাপনা, পণ্যের মান ব্যবস্থাপনা, সাংগঠনিক সংস্কৃতি এবং আচরণ বিষয়ে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মতামত ব্যক্ত করেন। তিনি উন্নত ও আদর্শবান জাতি হিসেবে গড়ে তুলতে নিয়মানুবর্তীতা ও সময়ের প্রতি অধিক যতœবান হওয়ার জন্য নবীন প্রকৌশলীদের আহবান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা ব্রিটানিয়া ইউনিভার্সিটির উপাচার্য ও আজকের রিসোর্স পার্সন অধ্যাপক ড. সুরজিৎ সর্ববিদ্যা, কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. রাশেদ আলম, প্রকৌশলী মো. এমাদুল হক, ইআরসির ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল হোসেন, ইআরসির নির্বাহী সদস্য প্রকৌশলী রাজীব নাথ, প্রকৌশলী ফখরুল ইসলাম পাটোয়ারী ও সিনিয়র প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, প্রকৌশলী আরিফুল ইসলাম এছাড়াও নবীন প্রকৌশলী মো. এনাম হোসেন, প্রকৌশলী ফারিয়া হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কোর্সে ২০টি বিষয়ের উপরে বিশেষজ্ঞ প্রকৌশলী ও রিসোর্স পার্সনগণ উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করবেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ৬৪জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। দুইসপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র হতে সনদ প্রদান এবং আইইবি, চট্টগ্রাম কেন্দ্র প্রশিক্ষণার্থীদের জন্য জব ফেয়ার আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুইসপ্তাহব্যাপী ট্রেনিং প্রোগ্রাম তত্ত্বাবধান করবেন কোর্স কো-অর্ডিনেটর প্রকৌশলী মোঃ নুরুল আলম।

