চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ব্যাংকের এটিএম বুথের লুট হওয়া ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার সহ সিকিউরিটি গার্ডকে রংপুর থেকে আটক করে সীতাকুণ্ড মডেল থানায় নিয়ে আসা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড আইয়ুব আলীকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকাসহ থানার এস আই মাহমুদুল হাসান ও এস আই ফয়েজ আহমদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাঁকে রংপুর কামার পাড়া বাস ষ্ট্যান্ড থেকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ তাঁকে ধরার জন্য মোবাইল ট্রাকিং এর মাধ্যমে তার অবস্থান নির্ণয় করে। পুলিশ গত শনিবার বিকাল ৩টায় রংপুর কামার বাস ষ্ট্যান্ড থেকে তাকে আটক পরদিন রবিবার সকালে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য, ২৬ জুন শুক্রবার আইআইইউসি’র এটিএম বুথ খুলে সিকিউরিটি গার্ড আইয়ুব আলী ১৭ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায়। পরে গ্রাহকরা বুথ থেকে টাকা তুলতে না পারলে এ খবর ছড়িয়ে পড়লে সিকিউরিটি ইনচার্জ মইনুল ইসলাম ঐ দিন সন্ধ্যায় মডেল থানায় মামলা দায়ের করে। ধৃত আইয়ুব আলীর সাথে রংপুরের একটি মেয়ের সাথে এক বছর ধরে সম্পর্ক ছিল। উদ্ধারকৃত টাকা ছাড়া বাকী টাকা তার প্রেমিকার পিছনে খরচ করে বলে ধৃত আইয়ুব আলী জানায়।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম জানান, আইআইইউসি শাখা ইসলামী ব্যাংকের এটিএম বুথের টাকা লুটের ঘটনা শোনার সাথে সাথে আসামীর অবস্থান নির্ণয় করে দ্রুত তাঁকে আটক করতে সক্ষম হই। যার ফলে চুরি যাওয়ার সামান্য কিছু খরচ করে ফেলেছে বাকি সব টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

