কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে আঞ্চলিক বিপণন কর্মশালা আয়োজন করেছে কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম।
বুধবার (২৪ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আবদুল্লাহ আল ফারুক এবং কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন।
কর্মশালায় কৃষি বিভাগের বিভিন্ন উইংয়ের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী, আড়তদার, রপ্তানিকারকসহ শতাধিক প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে কৃষিপণ্যের বাজারজাতকরণ, সংরক্ষণ, মূল্য সংযোজন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের ‘পার্টনার’ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষকদের অধিক মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এর অংশ হিসেবে কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার নির্মাণ, কৃষক ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। সরকার, বিশ্বব্যাংক ও ইফাদের যৌথ অর্থায়নে ৫ বছর মেয়াদি ৭ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ের এই প্রকল্প কৃষি বিভাগের সাতটি উইংয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
বক্তারা বলেন, কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক খাতে রূপান্তর করতে উৎপাদনের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও বিপণন ব্যবস্থার উন্নয়ন জরুরি। কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে ইতোমধ্যে সারাদেশে ২০ হাজার নারী ও যুবককে অন-দ্য-জব প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ইনকিউবেটর সাপোর্টও প্রদান করা হয়েছে।
কর্মশালা শেষে অতিথিরা স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রীর প্রদর্শনী পরিদর্শন করেন।

