কৃষিকে লাভজনক ও উদ্যোক্তাবান্ধব করতে ইনোভেশন কার্যক্রমের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ দিনব্যাপী টমেটোর সস, পিউরি, আচার, জ্যাম ও জেলি তৈরির প্রশিক্ষণ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার সমাপনী ও সনদ-পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সৃজনশীল কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল্লাহ্ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে ৩০ জন ছাত্রী, গৃহিণী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা অংশ নেন। প্রশিক্ষক জান্নাতুল নাঈমা হাতে-কলমে টমেটোর সস, মৌসুমি ফল থেকে আচার, জ্যাম, জেলি ইত্যাদি তৈরির প্রশিক্ষণ প্রদান করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ মো. হাবিবুল্লাহ্ বলেন, “মৌসুমি ফল, টমেটো মৌসুমে নষ্ট হওয়া ঠেকাতে প্রক্রিয়াজাতকরণই সমাধান এবং রান্নাঘরই হতে পারে নারীদের উদ্যোগের প্রথম প্ল্যাটফর্ম।”

সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইশতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম, রাকিবুল আলম, নাজিম উদ্দীন ও রুমি চৌধুরী। প্রশিক্ষণার্থীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এখন তারাও ছোট পরিসরে উৎপাদন করে উদ্যোক্তা হতে চান।
অনুষ্ঠানে সবার হাতে সনদ ও সেরা ৩ জন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়
। কৃষি অফিস সূত্র জানায়, এ ধরনের প্রশিক্ষণ নারীর আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষিপণ্যের অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


