চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। একইসঙ্গে উপজেলার সাতটি ইউনিয়ন বিএনপির কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) তার নিজ বাসভবনে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেন তিনি।

নতুন ঘোষিত কমিটিতে পূর্বের আহ্বায়ক কমল কদরকে পুনরায় আহ্বায়ক করা হয়েছে। এছাড়া জহুরুল আলম জহুর ও সালামত উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলার সাবেক স্বেচ্চাসেবকদলের সাবেক সভাপতি নেতা মো. মোরসালিনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে যুবদল নেতা ফজলুল করিম চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার পূর্বে আসলাম চৌধুরী বলেন, যাকে আহ্বায়ক করা হবে, তিনি ভবিষ্যতে সভাপতি পদে নির্বাচন করতে পারবেন না।
দলীয় নির্দেশনা অনুযায়ী, নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৯০–১২০ দিনের মধ্যে সম্মেলনের আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া উপজেলা পুনর্গঠনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ১ নম্বর সৈয়দপুর থেকে ৭ নম্বর কুমিরা ইউনিয়ন পর্যন্ত সব ইউনিয়ন কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, সদস্যসচিব কাজী মহিউদ্দিন, বিএনপি নেতা জহুরুল ইসলাম জহুর, মো. মোরছালিন, ফজলুল করিম চৌধুরী, মো. সালামত উল্লাহসহ সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

