শনিবার, ২৮ মার্চ ২০২৬

তরুণ-তরুণীদের বিদেশ পাঠানো হবে প্রশিক্ষণ দিয়ে : পরিবেশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, প্রশিক্ষণ দিয়ে তরুণ-তরুণীদের বিদেশ পাঠানো হবে।

- Advertisement -

শুক্রবার (২৭ মার্চ) রাতে মোংলার দামেরখন্ড কালী মন্দিরে আয়োজিত তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

- Advertisement -shukee

উপকূলীয় অঞ্চলের সংকট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলের মানুষ সুপেয় পানি, স্যানিটেশন, আবাসন ও রাস্তাঘাটসহ নানা সমস্যায় ভুগছে। তিনি এসব সমস্যা সমাধানে সরকারি পুকুর সংস্কার ও সংরক্ষণসহ সব রাস্তাঘাট তালিকাভুক্ত করে সংস্কারের আশ্বাস দেন। তিনি বলেন, ‘আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের জন্য চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি ও ফ্রান্সে পাঠানো হবে।’

যারা সরাসরি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন না, তাদের সমস্যা সমাধানে আগামীকাল শনিবার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি ‘অভিযোগ বক্স’ স্থাপন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

অভিযোগের বিচার প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ বক্সে জমা পড়া বিষয়গুলো অভিজ্ঞদের দিয়ে যাচাই-বাছাই করে সঠিক সমাধান দেওয়া হবে। এক্ষেত্রে কে কোন দল বা মতের তা দেখা হবে না; আমি সবসময় সঠিক এবং যার প্রাপ্য তার পক্ষেই থাকব।’

এর আগে প্রতিমন্ত্রী মোংলার বিভিন্ন এলাকার আরও কয়েকটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মো. জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপি সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ স্থানীয় নেতারা।

সর্বশেষ

এই বিভাগের আরও