ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চার জনসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন, যার অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মমিন জানান, স্টারলাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। এদের মধ্যে বাবা-মা ও সন্তান রয়েছে।
এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।

