চট্টগ্রাম-৯ আসনে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী এডভোকেট শফি উদ্দিন কবির আবিদ আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সিআরবি এলাকায় আগত প্রাতঃভ্রমণকারীদের সাথে তাঁর কাঁচি মার্কার সমর্থনে গণসংযোগ করেন। গণসংযোগ কালে শফি উদ্দিন কবির আবিদের সাথে উপস্থিত ছিলেন প্রকৌশলী সিঞ্চন ভৌমিক,অর্পিতা নাথ,মো. ফরহাদ প্রমুখ।
গণসংযোগকালে এমপি প্রার্থী আবিদ বলেন,“বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিলো,তারা উন্নয়নের নামে পরিবেশবিধ্বংসী প্রকল্প বাস্তবায়ন করে চট্টগ্রামের প্রাণ-প্রকৃতি-পরিবেশ ধ্বংস করেছে।একসময়ের প্রাকৃতিক সৌন্দর্য্যের চট্টগ্রাম আজ রিক্ত। গত আওয়ামী লীগ সরকার সিআরবিতে প্রাইভেট হাসপাতাল নির্মাণের চুক্তি করেছিলো। সিআরবি রক্ষামঞ্চসহ চট্টগ্রামের নাগরিকদের আন্দোলনের ফলে বিগত সরকার সে চুক্তি বাতিলে বাধ্য হয়। একসময়ের প্রমত্তা কর্ণফুলীর বেশিরভাগ বিগত সময়ে দখল-লুটপাটে বিপর্যস্ত।বেশিরভাগ খাল-পুকুর দখল করেছে ক্ষমতাসীনরা।আমরা বিগত সময়ে এর বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আপনারা আমাকে ভোট দিয়ে চট্টগ্রামের প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনকে শক্তিশালী করুন।



