সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে নবীন প্রকৌশলীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথিদের অভিমত

প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে নবীন প্রকৌশলীদের দক্ষতা অর্জনে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গতকাল সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রের সেমিনার কক্ষে (৬ষ্ঠ তলা) ফ্রেশ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং প্রোগ্রাম (Fresh Graduate Engineers Training Programme) শীর্ষক সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষনের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান এর সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিএস সিমেন্ট ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের পরিচালক অভিমন্যু সাহা।

- Advertisement -

বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম উন্নয়ন পক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম ও বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সুবক্তিগীণ উপস্থিত ছিলেন।

- Advertisement -shukee

অনুষ্ঠানে কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য এবং কোর্স কো-অর্ডিনেটর প্রকৌশলী মো. নুরুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে এনজিএস সিমেন্ট ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের পরিচালক অভিমন্যু সাহা বলেন, আজকের নবীন প্রকৌশলীরাই আগামীতে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিবে। তিনি এদেশকে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্নতা অর্জনে দক্ষ প্রকৌশলী তৈরীর উপর গুরুত্বারোপ করেন। সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা, নিয়মিত জ্ঞান আহরণ, অভিজ্ঞতা অর্জন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উপযুক্ত প্রকৌশলী হিসেবে গড়ে উঠে কর্মক্ষেত্রে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানান। তিনি কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জসমূহকে ছোট ছোট আকারে ভাগ করে তা সমাধানের চেষ্টা করার পরামর্শ প্রদান করেন। তিনি প্রকৌশলীদের চাকুরী ও বিদেশ নির্ভর না হয়ে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির উপর মনোযোগী হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সুবক্তিগীণ, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নকে তরান্বিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি নবীন প্রকৌশলীদের নেটওয়ার্কিং বাড়াতে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মত ব্যক্ত করেন। তিনি নিরাপদ আশ্রয় নিশ্চিত করা ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

চট্টগ্রাম উন্নয়ন পক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম নবীন প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, কর্মক্ষেত্রে ভয় কাটিয়ে সাহস করে সকল বাধা ও প্রতিবন্ধকতা ভেঙ্গে নিজ হাতে কার্য সম্পাদন করতে হবে। তিনি তরুণ প্রজন্মকে নিয়মিত লেখাপড়া ও জ্ঞান অর্জন করে মৌলিক ধারণা বাস্তবক্ষেত্রে প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, নবীন প্রকৌশলীদের সততা, নিষ্ঠা ও মানবিকতা বজায় রেখে কাজ করার উপর মত ব্যক্ত করেন। কর্মক্ষেত্রে সুসম্পর্ক বৃদ্ধি করে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে লক্ষ্য অর্জন অত্যন্ত সহজ হবে। তিনি ঐক্য বজায় রেখে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে সমৃদ্ধ করে স্বপ্ন পূরণে এগিয়ে আসার আহ্বান জানান।

সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির অধীনে ১৪টি বিষয়ের উপর ১৪জন বিশেষজ্ঞ প্রশিক্ষক প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয় এবং তিনজন শ্রেষ্ঠ প্রশিক্ষনার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৬জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এছাড়া অনুভূতি প্রকাশ করে প্রশিক্ষনার্থীদের মধ্যে নবীন প্রকৌশলী মাসুদ তালুকদার শাকিল ও প্রকৌশলী সুমাইয়া ইসলাম বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, স্থানীয় কাউন্সিল সদস্য ও বিভিন্ন দফতরের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও