জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন, তারা চাইলে এনসিপির পতাকাতলে এসে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে পারেন।
বুধবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, “অস্ত্র ও চাঁদাবাজির রাজনীতি থেকে জনগণ মুক্তি চায়। আগামীর নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি ও বুলেটের বিরুদ্ধে। যারা ব্যালটের শক্তিকে দুর্বল করেছে, তাদের জবাবদিহি করতে হবে।”
তিনি আরও বলেন, এনসিপি কোনো জোটভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী নয়; দলটি রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতিতে বিশ্বাস করে। “আমরা যখন কোনো অবস্থান গ্রহণ করি, বিএনপি-জামায়াত পরে সেটির অনুসরণ করতে বাধ্য হয়,” যোগ করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে লক্ষ্য করে হাসনাত ক্ষোভ প্রকাশ করেন। স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতার কারণে জনগণকে দীর্ঘ সময় ভুগতে হবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতিও অসন্তোষ জানিয়ে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের প্রাপ্য দ্রুত পরিশোধ না করলে জনগণই হিসাব নেবে।”
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন, দক্ষিণ জেলার সমন্বয়কারী মোহাম্মদ হাসান আলী, উত্তর জেলার সমন্বয়কারী সাগুপ্তা বুশরা মিশমা, কেন্দ্রীয় নেতা জুবাইরুল হাসান আরিফ, ইমন সৈয়দ ও জাওয়াদুল করিমসহ অন্যরা। সভার সভাপতিত্ব করেন মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক।

