Friday, 25 September 2026

[the_ad id='15178']

মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি পরিবারের

ভবনের ছাদ থেকে পড়ে কক্সবাজারে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের লালদীঘিরপাড় এলাকায় পরিত্যক্ত একটি ভবনের ছাদ থেকে পড়ে নুরুদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে শহরের ইডেন গার্ডেন সিটি মার্কেটের ছাদে ঘটনাটি ঘটে।

- Advertisement -

নিহত নুরুদ্দিন কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

- Advertisement -shukee

নিহতের ছোট ভাই আহনাফ জানান, ঘটনার রাতে ছয় বন্ধু মিলে ভবনের ছাদে লুডু খেলছিলেন নুরুদ্দিন। হঠাৎ একজন বন্ধু চিৎকার করে বলে ‘পুলিশ আসছে’। এতে সবাই দৌড়াতে শুরু করলে নুরুদ্দিন নিচে পড়ে যান।

তার দাবি, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা। আহনাফ বলেন, ‘আমার ভাইকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হতে পারে। আমরা সুষ্ঠু তদন্ত চাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ছয় বন্ধু ভবনের ছাদে ওঠার পর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর নুরুদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, লালদীঘিরপাড়ের পুরনো ইডেন গার্ডেন সিটি ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকায় এখানে সন্ধ্যার পর অচেনা যুবকরা আড্ডা দেয়। এতে এলাকায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে ছাদে উপস্থিত অন্য পাঁচ বন্ধুকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা দায়ের করেনি। পুলিশ তদন্ত করছে। ছাদে যারা ছিলেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ শুক্রবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবার ও এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে নুরুদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও