Sunday, 18 October 2026

[the_ad id='15178']

ফোর এইচ ডাইং অ্যান্ড পেইন্টিং লিমিটেড পরিদর্শনে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

শিল্পপ্রতিষ্ঠানে মানবসম্পদ ব্যবস্থাপনার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা অর্জন এবং তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের ব্যবসায় প্রশাসন বিভাগের মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) মেজরের ৪৫তম ব্যাচের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের একটি দল ফোর এইচ গ্রুপের প্রতিষ্ঠান ডাইং অ্যান্ড পেইন্টিং লিমিটেড পরিদর্শন করেছে। গত ১০ অক্টোবর চট্টগ্রামের পটিয়া উপজেলার আরাকান রোডের কালারপুল, চাপড়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ শিল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়।

- Advertisement -

পরিদর্শনে মানবসম্পদ ব্যবস্থাপনা মেজরের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিল্প পরিদর্শন কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক জিনাত শাহানা ও সহকারী অধ্যাপক পপি পোদ্দার।

- Advertisement -shukee

প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক সালাহউদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করেন। এ সময় প্রতিষ্ঠানের মানবসম্পদ, প্রশাসন, কর্মীকল্যাণ ও বিধিপালন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মানবসম্পদ ও প্রশাসন বিভাগের নির্বাহী কিয়ান টিন, বিধিপালন ও প্রশাসন বিভাগের কর্মীকল্যাণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের নির্বাহী মাহমুদ শরীফ।

ফোর এইচ ডাইং অ্যান্ড পেইন্টিং লিমিটেড পরিদর্শনে প্রিমিয়ার ইউনিভার্সিটির এইচআরএম বিভাগের শিক্ষার্থীরা।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বিভিন্ন উৎপাদন বিভাগ ঘুরে দেখেন এবং উৎপাদন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তাঁরা শ্রমিকদের কাজের ধরন, উৎপাদনপ্রক্রিয়া এবং শিল্পকারখানার সামগ্রিক কর্মপরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। এর মাধ্যমে একটি শিল্পপ্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, কর্মীদের দায়িত্ব এবং কর্মক্ষেত্রে মানবসম্পদ ব্যবস্থাপনার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জানার সুযোগ পান তাঁরা।

মতবিনিময়কালে শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো, মানবসম্পদ ব্যবস্থাপনার কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, শ্রমিকদের কল্যাণ, বিধিপালন কার্যক্রম এবং শ্রম আইন বাস্তবায়ন সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁদের পেশাগত অভিজ্ঞতা ও কর্মক্ষেত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। এর ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব শিল্পপরিবেশে কীভাবে প্রয়োগ করা হয়, সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন। ভবিষ্যৎ কর্মজীবনে এ পরিদর্শন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ আশা প্রকাশ করে যে, এ ধরনের শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, পেশাগত দক্ষতা ও কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের শিক্ষণীয় কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় শিক্ষার্থীরা প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে একটি সমৃদ্ধ ও ফলপ্রসূ শিক্ষণ-অভিজ্ঞতা নিশ্চিত করতে সহযোগিতা করায় ফোর এইচ ডাইং অ্যান্ড পেইন্টিং লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা জানান তাঁরা।

সর্বশেষ

এই বিভাগের আরও