শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ তৈরি এবং গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চেম্বারের পক্ষে সভাপতি আমিরুল হক এবং সিআইইউর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবছার এতে স্বাক্ষর করেন।
সমঝোতার আওতায় ব্যবসায়িক কার্যক্রমে জ্ঞান বিনিময়, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করা হবে।
পাশাপাশি বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স চালুর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও কর্মদক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, শিল্প খাত ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সহযোগিতা দক্ষ মানবসম্পদ উন্নয়ন, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ব্যবসায়িক খাতের বাস্তব চাহিদার সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার সমন্বয় নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করবে।
তিনি বলেন, কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম আঞ্চলিক লজিস্টিকস ও বিনিয়োগকেন্দ্রে পরিণত হবে।
সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী এক বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলাও জরুরি। এসব জনশক্তি কর্মক্ষেত্রে যুক্ত হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে।
সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবছার বলেন, অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সিআইইউ মানসম্মত শিক্ষার বিস্তার ও দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে। শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, নারী উদ্যোক্তা উন্নয়ন, চীনা ও জাপানি ভাষা শিক্ষা এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য বাংলা ভাষা শিক্ষার মতো উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান রাখছে।
তিনি বলেন, দেশের শতবর্ষী বাণিজ্য সংগঠন চেম্বারের সঙ্গে এ সমঝোতা ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম তৈরিতে সহায়তা করবে। এতে সিআইইউর শিক্ষার গুণগত মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, বাণিজ্য সংগঠনের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের এ ধরনের সমঝোতা অর্থনীতি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমঝোতা স্মারক যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সে জন্য উভয় পক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
চেম্বারের আরেক প্রাক্তন সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী সমঝোতা বাস্তবায়নে চেম্বার কর্তৃপক্ষ ও সিআইইউর শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি অগ্রাধিকারমূলক খাত চিহ্নিত করে শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ার, শান শাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, সিআইইউর স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুর কাদের ও অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী।
এ সময় চেম্বারের সহসভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির (ছুট্টু), আবু হায়দার চৌধুরী (আমজাদ), মোহাম্মদ মনির উদ্দিন, মো. আফসার হাসান চৌধুরী (জসিম), আসাদ ইফতেখার, মোহাম্মদ নুরুল ইসলাম, শহীদুল আলম ও মো. সেলিম নুর এবং চট্টগ্রামস্থ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মো. দিদারুল আলমসহ সিআইইউর ট্রাস্টি সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

