Sunday, 18 October 2026

[the_ad id='15178']

ভারতে মন্দিরের কাছে ভক্তদের ওপর ট্রাক, নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ওপর নিয়ন্ত্রণহীন একটি ট্রাক উঠে গেলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

- Advertisement -

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে ধানবোঝাই ট্রাকটি চিনোরের দিক থেকে আসছিল। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা একটি ঢালু পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ভক্তদের ওপর উঠে যায়। পরে মন্দিরের প্রবেশপথের ফটক ও বাইরের দেওয়ালে ধাক্কা লাগে।

- Advertisement -shukee

পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও রয়েছেন।

গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স পাঠিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের চিকিৎসায় সিটি স্ক্যান ও এক্স-রে করা হচ্ছে।

নবরাত্রি উপলক্ষে ওই সড়কে পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেড ছিল। এরপরও কীভাবে ট্রাকটি সেখানে প্রবেশ করল, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ট্রাকটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা পরীক্ষা করতে পরিবহণ বিভাগের একটি দলও পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের একজনের দাবি, ট্রাকটি অতিরিক্ত বোঝাই ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি কয়েকটি দোকান ও মানুষের ওপর উঠে যায়। দুর্ঘটনায় তার ভাইও আহত হয়েছেন বলে জানান তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও