Wednesday, 7 October 2026

[the_ad id='15178']

 এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে : চসিক মেয়র 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম একটি সম্প্রীতির নগরী। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সবার সহযোগিতায় এবারও সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে। গত বছর যেভাবে আপনাদের সার্বিক সহযোগিতা করেছি, এবারও তাতে কোনো কমতি হবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপনাদের পাশে থাকবে। পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।

- Advertisement -

তিনি মঙ্গলবার (৬অক্টোবর ) সন্ধ্যায় টাইগার পাসস্থ চসিক সন্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

- Advertisement -shukee

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড পূজা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পূজামণ্ডপের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরলে মেয়র তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার, পূজামণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মেয়র বলেন, আমরা চট্টগ্রামকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিটি পূজামণ্ডপে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যাতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত তা অপসারণ করতে পারেন। এতে পূজামণ্ডপের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন থাকবে।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে মেয়র বলেন, পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। ইভটিজিং কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

তিনি বলেন, পূজামণ্ডপে পর্যাপ্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা থাকলে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিগুলোকে সহযোগিতা করতে হবে।

ফুটপাত দখলমুক্ত রাখা ও যানজট নিয়ন্ত্রণ প্রসঙ্গে মেয়র বলেন, পূজার সময় মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে ফুটপাত ও সড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না। ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, মহানগর পূজা পরিষদের সহ সভাপতি অরূপ রতন চক্রবর্তী, সাবেক সহ সভাপতি সৌরভ প্রিয় পাল, সহ সভাপতি বিপ্লব চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক ও মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বাপ্পি দে, মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নটু চৌধুরী সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পূজা পরিষদের নেতৃবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও