Wednesday, 7 October 2026

[the_ad id='15178']

এক যুগের ময়লা সরালেন ব্যবসায়ীরা, ডিসি নিয়ে গেলেন ফুল

নিজস্ব প্রতিবেদক

এক যুগ ধরে জমে থাকা ময়লার স্তূপ সরিয়ে জায়গাটি পরিষ্কার করলেন ব্যবসায়ীরা। তাঁদের সেই উদ্যোগের স্বীকৃতি দিতে এবার ফুল নিয়ে হাজির হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

- Advertisement -

মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) শপিং কমপ্লেক্সে গিয়ে ব্যবসায়ী নেতাদের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ও সিজেকেএসের সভাপতি জাহিদুল ইসলাম।

- Advertisement -shukee

কাজীর দেউড়িতে এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন সিজেকেএস শপিং কমপ্লেক্সের পাশে দীর্ঘদিন ধরে জমছিল ময়লা-আবর্জনা ও নির্মাণবর্জ্য।

একপর্যায়ে সেখানে তৈরি হয় বিশাল স্তূপ। জেলা প্রশাসনের হিসাবে, জমে থাকা বর্জ্যের পরিমাণ ছিল প্রায় ২০০ থেকে ২৫০ ট্রাক।

বর্জ্যের কারণে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি মশার প্রজনন ও অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে গত ২৮ সেপ্টেম্বর সিজেকেএসের অ্যাডহক কমিটির সভায় আলোচনা হয়।

পরে জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি নিজেদের উদ্যোগে বর্জ্য অপসারণ শুরু করে।

কয়েক দিনের মধ্যেই সরিয়ে ফেলা হয় বছরের পর বছর ধরে জমে থাকা ময়লা-আবর্জনা।

দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর থেকেই জায়গাটি পরিষ্কার করার পরিকল্পনা ছিল। জেলা প্রশাসনের উৎসাহ ও সহযোগিতা পাওয়ার পর তাঁরা কাজ শুরু করেন।

জেলা প্রশাসক নিজে এসে ফুল দিয়ে তাঁদের সম্মান জানাবেন, তা ভাবেননি জানিয়ে তিনি বলেন, ‘ডিসি মহোদয় নিজে এসে আমাদের ধন্যবাদ জানাবেন, ফুল দিয়ে উৎসাহিত করবেন—এটা ভাবিনি। তাঁর এই স্বীকৃতি আমাদের উৎসাহিত করেছে।’

ব্যবসায়ীদের হাতে ফুল তুলে দিয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসন শুধু ফুল নেয় না, জেলা প্রশাসন ফুল দেয়। আমরা তাঁদের হাতে আজ ফুল দিয়েছি। ভালো কাজের জন্য স্মারক উপহার দিয়েছি।’

তিনি বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে।

জাহিদুল ইসলাম বলেন, ‘হয়তো এই ফুল সামান্য। কিন্তু তাঁদের প্রতি আমার যে ভালোবাসা, যে সম্মান—সেটা অনেক বড়। সেই সম্মান দেখাতেই আজ তাঁদের কাছে এসেছি।’

এক যুগ ধরে জমে থাকা ২০০ থেকে ২৫০ ট্রাক বর্জ্য সরানোর কাজটি তাঁর চাকরিজীবনের স্মরণীয় ঘটনাগুলোর একটি হয়ে থাকবে বলেও জানান তিনি।

ময়লার জায়গায় হবে বাগান

বর্জ্য সরানোর পর জায়গাটিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। সেখানে বাগান, বসার জায়গা ও পানির ব্যবস্থা করা হবে।

আবার যেন সেখানে ময়লা না জমে, সে জন্য সিসিটিভি ক্যামেরাও বসানো হবে। কেউ অবৈধভাবে ময়লা ফেললে ফুটেজ দেখে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সাধারণত কোনো কর্মকর্তা এলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এখানে ডিসি সাহেব নিজেই এসে যাঁরা কাজটি করেছেন, তাঁদের ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। এমন ঘটনা আমি আগে দেখিনি।’

এক যুগের ময়লার স্তূপ সরিয়ে এখন সেই জায়গায় বাগান করার প্রস্তুতি চলছে। আর ভালো কাজের স্বীকৃতি দিতে এবার ফুল নিয়ে নাগরিকদের কাছে গেল জেলা প্রশাসন।

সর্বশেষ

এই বিভাগের আরও