মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। মূলত অঞ্চলটিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে আসায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। আর এরই প্রভাব পড়েছে বিশ্ববাজারে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.১৪ ডলারে উঠেছে। এর আগে সোমবারের লেনদেনে ব্রেন্টের দাম জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.০৪ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে অবশ্য দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫.৩৭ ডলারে উঠেছিল।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে সমঝোতার সম্ভাবনা ক্রমেই কমে আসার মধ্যে তেলের দাম বেড়েছে। তেহরান আরও আক্রমণাত্মক অবস্থান নেয়ার ঘোষণা দেয়ার পর উত্তেজনা আরও বেড়েছে। অন্যদিকে ওয়াশিংটন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাইরে যাওয়ার সময় জাহাজটিতে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন ক্রু আহত হয়েছেন।
বাকি ক্রুদের ওমানের কোস্টগার্ড সহায়তা করছে বলে জানিয়েছে ইউকেএমটিও। তবে এ ঘটনায় পরিবেশের ওপর কোনও ক্ষতিকর প্রভাব পড়ার খবর পাওয়া যায়নি।

