সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পুনর্বিবেচনা: দেশীয় প্রজাতির ওপর গুরুত্বারোপ শীর্ষক সেমিনার গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিন্ডিকেট সদস্য সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
মূল আলোচক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পুনর্বিবেচনা করে আমাদের বিদেশী আগ্রাসী প্রজাতির পরিবর্তে দেশীয় প্রজাতির গাছ রোপণের ওপর জোর দেওয়া উচিত। বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের বিষয়ে সবাইকে মনোযোগী হতে হবে। এছাড়া রোপণকৃত বৃক্ষের নিয়মিত পরিচর্যা ও টেকসই রক্ষণাবেক্ষণের দিকে নজর দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সেমিনারে তিনি বৃক্ষরোপণের প্রেক্ষাপট ও বর্তমান সংকট, বিদেশী প্রজাতির ক্ষতিকর দিক, দেশীয় প্রজাতির অপরিহার্য গুরুত্ব এবং টেকসই বনায়নের জন্য বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন। এছাড়াও বৃক্ষরোপণের অতীত ইতিহাস, দেশিয় প্রজাতির বিভিন্ন বৃক্ষের পরিচিতি, বৃক্ষ রোপণের উপযোগী বিভিন্ন স্থান সমূহ ও কার্যকর পদক্ষেপ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ মানে কেবল সবুজের সংখ্যা বাড়ানো নয়, বরং একটি কার্যকর এবং প্রাণবন্ত ইকোসিস্টেম গড়ে তোলা। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে আমাদের এখনই “দেশীয় গাছ রোপণ করি, পরিবেশ রক্ষা করি”-এই নীতিতে ফিরে আসতে হবে।
সমাপণী বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান সেমিনারের প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


