ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গত ০৬ আগস্ট বিকালে খতমে-কোরআন, বৃক্ষরোপণ কর্মসূচি ও সন্ধ্যায় কেন্দ্রের সেমিনার কক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন।

সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, বৃটিশ বিরোধী আন্দোলন, ৭১ এর স্বাধীনতার আন্দোলন, সর্বশেষ ২৪ এর বৈষম্যবিরোধী ফ্যাসিবাদমুক্ত আন্দোলনে ছাত্র, জনতা স্বেচ্চায় তাদের জীবন উৎসর্গ করেছে। এসকল আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি খেটেখাওয়া সাধারণ তাঁদের জীবন বিলিয়ে দিয়েছেন। কিন্তু এসকল ত্যাগ আজ পর্যন্ত প্রকৃত সুফল বয়ে আনতে পারেনি। স্বাধীনতাকে অর্থবহ করতে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে জুলাই গনঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করেছে তা বাস্তাবায়নে সকল পেশাজীবী ও রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদ ও আহতদের অবদান স্মরণ রেখে ফ্যাসিবাদিদের সকল অপতৎপরতা ও চক্রান্ত নস্যাৎ করার জন্য সতর্ক থাকার উপর অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, দেশে গত দীর্ঘ ১৮ বছর মানুষের মৌলিক অধিকার, সমতা, গণতান্ত্রিক আন্দোলন ও ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। ১৯৭১ হতে অবধি দেশে সাম্যতা, ন্যায়বিচার, মানবাধিকার ও গণতন্ত্র লংঘিত হয়েছে। প্রতিনিয়ত সমাজে গুম,খুন, নির্যাতন, জেলজুলুম সহ্য করে ভয় ও আতংকের মধ্যে মানুষ পরিবার ছাড়া হয়েছে। ২৪ এর বিপ্লবী গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মুগ্ধসহ হাজারো শহীদদের তাজা রক্ত ও অসংখ্য আহত যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের উপর গুরুত্বারোপ করেন। তাঁরা এ তাজা রক্ত বৃথা যেন না যায় এলক্ষে অর্জিত বিজয় রক্ষা করতে বিভাজন মুক্ত হয়ে বৈষম্যবিরোধী সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা সাম্প্রতিক সকল চক্রান্ত, আশংকা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন বাংলাদেশ বিনির্মনে দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার উপর মত ব্যক্ত করেন।
আলোচনা সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাউন্সিল সদস্য প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ, প্রকৌশলী মো. দুলাল হোসেন, প্রকৌশলী মো. নুরুল আলম, কেন্দ্রের কাউন্সিল সদস্য প্রকৌশলী এ.এস.এম শাহজাহান, প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম, প্রকৌশলী মেজবাউল আলম, প্রকৌশলী রফিক আজাদ, ইআরসি’র নির্বাহী ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আবু জাফর, ইআরসি সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।

