কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ ইয়াসিন আরাফাত (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং রামু সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে সমুদ্রে গোসল করতে নামেন ইয়াসিন। একপর্যায়ে তীব্র ঢেউয়ের স্রোতে তিনি ভেসে যেতে থাকেন। বন্ধুদের চিৎকার শুনে দায়িত্বরত লাইফগার্ড সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
গুরুতর অবস্থায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামা ইউসুফ বলেন, প্রতি শুক্রবারের মতো সকালে বন্ধুদের সঙ্গে সৈকতে ফুটবল খেলতে গিয়েছিলেন ইয়াসিন। খেলা শেষে সবাই সমুদ্রে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর বন্ধুদের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
তিনি জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে দাফনের জন্য মরদেহ সাতকানিয়ার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে খুলনার পর্যটক হেলাল উদ্দিন নিখোঁজ হন। ঘটনার দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। সর্বশেষ এ ঘটনায় সমুদ্রসৈকতে গোসলের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

