মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত, সহজলভ্য ও কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দেয়ার ক্ষেত্রে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

- Advertisement -

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী নিজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে গিয়ে এ ধরনের বৈঠক করলেন।

- Advertisement -shukee

বৈঠকের শুরুতে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতের অর্জন সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী এম এ মুহিত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

কর্মকর্তারা জানান, বিগত সরকারগুলো স্বাস্থ্য খাতকে একেবারে খাদের কিনারে নিয়ে গিয়েছিল। ফলে প্রান্তিক মানুষের যথাযথ স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছিল।

সেই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়টি বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা পর্যায়ে চিকিৎসক থাকা সত্ত্বেও রোগীরা সন্তোষজনক চিকিৎসাসেবা পান না—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

তারেক রহমান বলেন, যেভাবেই হোক গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। তাদের জন্য সন্তোষজনক চিকিৎসাসেবা এবং পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালে গিয়ে যেন মানুষ বিনা ভোগান্তিতে সহজেই চিকিৎসাসেবা পায়। চিকিৎসার জন্য তাদের অন্য কোথাও যেতে না হয়। সরকারি হাসপাতালই যেন রোগীদের একমাত্র ভরসার জায়গা হয়।

বৈঠকে কিডনি রোগীদের চিকিৎসার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। রোগীদের দুর্ভোগ লাঘবে জেলা পর্যায়ে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে যেখানে বর্তমানে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো ৫০ শয্যায় সম্প্রসারণ করা হবে। আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে সারাদেশের উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।

এজন্য দ্রুত প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তোলা এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করারও নির্দেশনা দেন তারেক রহমান।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ থেকে ১০১ শয্যায় উন্নীতকরণে বর্তমান সরকারের নেয়া উদ্যোগ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ১০১ শয্যায় উন্নীতকরণের জন্য প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো নির্মাণের বিষয়ে আলোচনার একপর্যায়ে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা অবকাঠামোর নকশাসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও